পাকিস্তানে শপিং মলে অগ্নিকাণ্ড, নিহত ৫
পাকিস্তানের করাচিতে গুল প্লাজা নামে এক শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে করাচির এমএ জিন্নাহ রোডে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রাতভর চলা এ ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (১৮ জানুয়ারি) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য।
করাচির দক্ষিণাঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রাজা জানান, সবশেষ তথ্য অনুযায়ী এ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক ডা. সাবির মেমন জানিয়েছিলেন, তিনটি মরদেহ হাসপাতালে আনা হয়, যারা সবাই আগেই মারা গিয়েছিলেন। রেসকিউ ১১২২-এর মুখপাত্র হাসানুল হাসিব খানও মৃতের সংখ্যা পাঁচ বলে নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার ভোর পর্যন্ত আগুন মাত্র ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গার্ডেন সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) মোহসিন রাজা জানান, কোনো একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।



















