পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোদায় ঘন কুয়াশার কারণে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শুষ্ক খালে পড়ে যাওয়ার ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে সারগোদোর কোট মমিন সংলগ্ন গাল্লাপুর বাংলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
খবর পাকিস্তান অবজারভারের।
কুয়াশার ফলে দৃষ্টিসীমা কমে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় একটি ট্রাক। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরো ৭ জনকে মৃত ঘোষণা করা হয়। ট্রাকে মোট ২৩ জন যাত্রী ছিলেন।
খবর জিও নিউজের।
জানা যায়, কোট মোমিন শহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারালে তা ঘালা পুর বাংলার খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় খালটি শুকনো ছিল। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। মরদেহ ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নেয়া হয়। নিহতদের মধ্যে ছয়টি শিশু ও পাঁচজন নারী রয়েছেন। যাত্রীরা একটি শেষকৃত্যে অংশ নিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
কর্মকর্তারা জানান, শীতকালে সকাল ও রাতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে তারা চালকদের ধীরগতিতে গাড়ি চালানো ও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।



















