যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা আছে: আব্বাস আরাগচি

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৮:৪৫ এম, ১৩ জানুয়ারী ২০২৬  
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা আছে: আব্বাস আরাগচি

আলজাজিরাকে দেওয়া এ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা প্রমাণ এবং যুদ্ধ করতে চায় তাহলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। সোমবার (১২ জানুয়ারি) আলজাজিরা আরবিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে। কিন্তু তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। আরাগচি বলেন, ‘যদি ওয়াশিংটন আমাদের সামরিক শক্তি পরীক্ষা করতে চায়, যেটি তারা আগেও পরীক্ষা করেছে। আমরা এর জন্য প্রস্তুত। আমি আশা করি যুক্তরাষ্ট্র বুদ্ধিমানের মতো আলোচনাকে বেছে নেবে।’ ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে তাদের সতর্ক করেন তিনি।

এদিকে ইরানে সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)। এই আন্দোলন ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না হলে ইরানে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র ‘খুব শক্ত বিকল্প’ বিবেচনা করতে পারে। এই বক্তব্যের জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন রাজনীতিকদের উদ্দেশে ‘প্রতারণা বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশজুড়ে অনুষ্ঠিত রাষ্ট্র-সমর্থিত সরকারপন্থী সমাবেশগুলোর প্রশংসা করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র কারোলিন লেভিট সাংবাদিকদের জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সামনে এখনো ‘অনেক বিকল্প’ খোলা রয়েছে, যার মধ্যে আকাশপথে হামলা বা এয়ার স্ট্রাইকও একটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে বিবেচনায় আছে। অন্যদিকে, ইরানে টানা ৯৬ ঘণ্টার বেশি সময় ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। দেশটির বহু মানুষ এখনো অনলাইনের বাইরে রয়েছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়