গোষ্ঠীগত দ্বন্দ্বে ২ জনকে গুলি-রগ কেটে হত্যা
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় গোষ্ঠীগত দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি ও হাত–পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতরা হলেন দক্ষিণ আলিয়ারা গ্রামের সালেহ আহমেদ (৬০) ও তার ভাতিজা দেলোয়ার হোসেন ওরফে নয়ন (৪০)। তারা একই গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মৃত ছালেহ আহম্মদের গোষ্ঠীর সদস্য। তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে একই গ্রামের খায়ের আহমেদ গোষ্ঠীর বিরুদ্ধে। নাঙ্গলকোট উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, শুক্রবার দুপুরে গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই দুই জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের শরীরে গুলির আঘাত ও হাত–পায়ের রগ কাটা দেখা গেছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিদের ওপর ছররা গুলি চালানো হয়েছে। এ ছাড়া হাত ও পায়ের রগ কাটার চিহ্ন আছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।



















