সিলেটকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল রাজশাহী
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার সিলেট টাইটান্সকে ৫ রানে হারিয়ে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। প্লে অফ নিশ্চিত হয়েছে আগেই, টানা তিন জয়ে উঠেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। তাদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪২ পর্যন্ত যেতে পারে সিলেট। শেষ ওভারে জয় থেকে ১১ রান দূরে থাকলেও ৫ রানের বেশি তুলতে পারেনি গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ খেলতে নামা মেহেদী হাসান মিরাজরা।
মিরপুরে যেন টি-টোয়েন্টির সব রোমাঞ্চ জমে ছিল শেষ ওভারের জন্য। জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ১১ রান, হাতে ২ উইকেট। স্নায়ুক্ষয়ী সেই মুহূর্তে বল হাতে জ্বলে উঠলেন বিনুরা ফার্নান্দো। তার দুর্দান্ত বোলিংয়ে ১৪৭ রানের পুঁজি নিয়েও ৫ রানের রুদ্ধশ্বাস জয় পেল রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা নিশ্চিত করে সরাসরি প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিল নাজমুল হোসেন শান্তর দল। ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমনের ৩০ বলে ৪১ ও মুমিনুল হকের ৩৬ বলে ৩১ রানে লক্ষ্যের পথেই ছিল সিলেট। তবে মাঝে রিপন মণ্ডলের তোপে পথ হারায় তারা। শেষদিকে মঈন আলী ৩ ছক্কা ও ১ চারে ১২ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ জমিয়ে তোলেন। কিন্তু ১৯তম ওভারে মঈন ও নাসুম ফিরলে চাপে পড়ে সিলেট। শেষ ওভারে বিনুরা ওয়াইড দিয়ে নাটকীয়তা তৈরি করলেও শেষ বলে রুয়েল মিয়াকে বোল্ড করে রাজশাহীর জয় নিশ্চিত করেন। বল হাতে রাজশাহীর রিপন মণ্ডল ৪টি ও বিনুরা ২ উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেটের বোলিং তোপে ১৪৭ রানেই আটকে যায় রাজশাহী। দুই ওপেনার তানজিদ তামিম ও সাহিবজাদা ফারহান দ্রুত ফিরলে দলের হাল ধরেন শান্ত (৩৪) ও মুশফিকুর রহিম (৪০)। তাদের ৫৬ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় কাটলেও বড় পুঁজি পায়নি রাজশাহী। সিলেটের শহিদুল, রুয়েল ও মিরাজ প্রত্যেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন। তবে দিনশেষে বোলারদের নৈপুণ্যে স্বল্প পুঁজি নিয়েই কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করে মাঠ ছাড়ে রাজশাহী।



















