‘খুবই ভদ্র ছেলে’ মোস্তাফিজকে নিয়ে যা ঘটেছে, তা হতাশাজনক—মিকি আর্থার
দক্ষিণ এশিয়ার ক্রিকেটে বর্তমানে আলোচনার কেন্দ্রে মোস্তাফিজুর রহমান। আইপিএলে খেলার অনুমতি না পাওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত এলেও, এসব বিতর্ক মোস্তাফিজকে খুব একটা স্পর্শ করছে বলে মনে হচ্ছে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে কখনো স্ত্রীর সঙ্গে ছবি, আবার কখনো বিপিএল খেলার ফাঁকে সিলেটের প্রকৃতিতে সময় কাটাতে দেখা যাচ্ছে তাঁকে। মাঠের বাইরে নীরব এই বাঁহাতি পেসারকে ঘিরে তাই অনেকের কৌতূহল—আসলে মোস্তাফিজ কেমন মানুষ? রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার আজ সে প্রশ্নের উত্তরই দিলেন। তাঁর চোখে মোস্তাফিজ একজন পরিপূর্ণ পেশাদার, ‘সে দারুণ একজন খেলোয়াড়। বোলার হিসেবে তার মান নিয়ে কোনো সন্দেহ নেই—বিশ্বের সেরাদের মতোই ভালো, হয়তো আরও ভালো। দলের প্রতি সে নিবেদিত এবং খুবই ভদ্র ছেলে।’
আলোচনার ঝড়ের মধ্যেও মাঠে নিজের কাজটা ঠিকই করে যাচ্ছেন মোস্তাফিজ। চলতি বিপিএলে ৫ ম্যাচে ৬.৯৮ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছেন তিনি। ডেথ ওভারে রংপুরের সবচেয়ে বড় ভরসা এই পেসার। আর্থারও সেটির স্বীকৃতি দিলেন,‘ওকে সামলানো খুব সহজ। প্রতিদিন মাঠে আসে, নিজের সেরাটা দেয়। কিন্তু যা হয়েছে, তা সত্যিই হতাশাজনক। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ওর ভালো একটা চুক্তি ছিল, বিষয়টা দুর্ভাগ্যজনক।’ ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স—আইপিএলের ইতিহাসে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য এটাই সর্বোচ্চ মূল্য। ফলে হতাশা থাকা স্বাভাবিক। এ বিষয়ে কি মোস্তাফিজের সঙ্গে কথা হয়েছে? আর্থারের উত্তর,‘হ্যাঁ, কথা হয়েছে। ভাষাগত কিছু সীমাবদ্ধতা ছিল, তবু আমরা একে অন্যকে বুঝতে পেরেছি।’



















