খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বেলা আড়াইটার পর এই সভা শুরু হয়।
খালেদা জিয়ার শোকসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা।
এছাড়াও নাগরিক শোকসভায় যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা। এসেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা। শোকসভা ঘিরে নিরাপত্তায় রয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
গত ৩০ ডিসেম্বর মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে জিয়া উদ্যানে দাফন করা হয়।



















