আজ জামায়াতসহ ১১ দলের প্রার্থী ঘোষণা

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৭:০৯ এম, ১৪ জানুয়ারী ২০২৬  
আজ জামায়াতসহ ১১ দলের প্রার্থী ঘোষণা

আজ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন বিন্যাস ও প্রার্থী ঘোষণা হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাব অথবা কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়েও অনিশ্চয়তা কেটেছে। কিছু আসনে ঐকমত্যে পৌঁছাতে পারেননি তারা। শেষ পর্যন্ত সমঝোতা না হলে ১০ থেকে ২০টি আসন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত আসতে পারে। ফলে ওই আসনগুলোতে জোটভুক্ত দলগুলো আলাদাভাবে প্রার্থী দিতে পারবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), এবি পার্টি ও এলডিপি। সমঝোতা অনুযায়ী, ১৯০ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়বেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এ জোটে ইসলামী আন্দোলন হাতপাখা নিয়ে ৪৫টি ও এনসিপি শাপলা কলি নিয়ে ২৫ থেকে ৩০টি আসনে লড়বে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি, খেলাফত মজলিস ছয়টি, এলডিপি ছয়টি, এবি পার্টি দুটি, বিডিপি দুটি এবং খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা একটি করে আসন পাবে বলে জোটের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘জোটের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। আগামীকাল (আজ) ঘোষণা করার সম্ভাবনা আছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়