সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি-কৌশল নির্ধারণে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার সকাল ৯টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সমন্বয় সভাটি শুরু হয়।
এতে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। জানা গেছে, বৈঠকে নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এর আগে শনিবার ইসির উপ-সচিব মো. মনির হোসেন এই সভার বিজ্ঞপ্তি জারি করেছিলেন। আইনশৃঙ্খলা সংক্রান্ত এই সমন্বয় সভায় অংশ নিচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক এবং পুলিশের আইজিপি।
আরো উপস্থিত রয়েছেন ভিডিপি মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক, এনটিএমসি মহাপরিচালক, র্যাব মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা। নির্বাচন কমিশন জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে প্রস্তাবিত গণভোটের সময় মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, বিভিন্ন বাহিনীর মধ্যকার সমন্বয় বৃদ্ধি এবং নিরাপত্তা ছক চূড়ান্ত করাই এই সভার মূল লক্ষ্য। বৈঠকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।



















