ধোবাউড়ায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত
ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে বিএনপির গ্রুপের সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নজরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যার পর উপজেলার এরশাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী ও দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর এরশাদ বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনষ্ঠানে যান স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। উদ্বোধন শেষে ফিরে আসার সময় বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকরা ছুরিকাঘাতে নজরুল ইসলামকে খুন করে। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সালমান ওমর রুবেল বলেন, আমাদের অফিস উদ্বোধন করে বের হওয়ার সময় পিছন থেকে অতর্কিত হামলা করে প্রিন্স ভাইয়ের লোকজন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমি এ ব্যাপারটা নিয়ে পুরোপুরি অবগত নই। তবে প্রাথমিকভাবে যেটুকু শুনেছি, এটা তাদের পারিবারিক কোন একটা সমস্যা নিয়ে ঝামেলা। এটাকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুলাভাই এবং বোনজামাই তাদের পাশাপাশি বাড়ি। তাদের নিয়ে আগে কোন সমস্যা ছিল। যে মারছে সে আমাদের দলের সমর্থক। তবে এটা যদি এরকম হয়ে থাকে আমরা ব্যবস্থা নিব। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে দু’জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, বিষয়টি ডিসিসহ উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।



















