নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:৫১ পিএম, ১০ জানুয়ারী ২০২৬  
নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

নেত্রকোণায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আকাশ রায় (২৪) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের বাসিন্দা ও রাসেল মিয়া (২৫) শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিজাকান্দা গ্রামের বাসিন্দা। তারা চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে একটি চালকলের শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আকাশ, রাসেলসহ সাত-আটজন যুবক চল্লিশা রেললাইনে ঘুরতে যান। এ সময় রেললাইনের ওপর দাঁড়িয়ে তারা ছবি ও ভিডিও ধারণ করছিলেন। সে সময় মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কমিউটার ট্রেনটির ধাক্কায় আকাশ ও রাসেল রেললাইনের পাশে ছিটকে পড়েন। পরে ট্রেন চলে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে। নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার বলেন, রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়