৪০ বছর পর খোলা হলো সেই ঐতিহাসিক গেট

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৮:০৪ এম, ১৬ জানুয়ারী ২০২৬  
৪০ বছর পর খোলা হলো সেই ঐতিহাসিক গেট

দীর্ঘ চার দশক বন্ধ থাকার পর আবারো খুলে দেওয়া হয়েছে বায়ান্নর ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ঢাকা মেডিকেল কলেজের সেই ঐতিহাসিক ‘আমতলার গেট’। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গেটটি রোগীদের চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেন।

জানা যায়, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এই আমতলা থেকেই ১৪৪ ধারা ভঙ্গ করে ঐতিহাসিক মিছিল বের করা হয়েছিল। ভাষা আন্দোলনের সেই অবিস্মরণীয় স্মৃতি বহনকারী প্রবেশপথটি ‘আমতলার গেট’ হিসেবেই পরিচিত। দীর্ঘ চার দশক বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে গেটটি দিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সহজেই যাতায়াত করতে পারবেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, রোগীদের যাতায়াত সহজ করতে এবং হাসপাতালের ভেতরে যানবাহনের চাপ কমাতে বৃহস্পতিবার এই গেটটি খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি গেটটি যেন স্থায়ীভাবে খোলা রাখা যায়। হাসপাতালে ঢোকার ও বের হওয়ার একটি মাত্র রাস্তা থাকায় অ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়ি চলাচলে সমস্যা হচ্ছিল। আজ থেকে এই পথ উন্মুক্ত হলো এবং এটি স্থায়ীভাবেই খোলা থাকবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়