উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৬

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:৫২ এম, ১৬ জানুয়ারী ২০২৬  
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৬

রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ৭ তলা ভবনের ২য় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৮টার দিকে ফায়ার সার্ভিসে খবর পৌঁছায়।

নিহতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার দড়িপারশী এলাকার শহিদুলের মেয়ে রোদেলা (১৪), কুমিল্লা সদর উপজেলার দিঘীরপাড় এলাকার ফজল রাব্বি রিজভী (৩৭), মো. রিশন (২, মাস ৫ দিন), ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের দড়িপারশী এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২), একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে মো. রাহাব (১৭) ও আফসানা নামের আরেকজন।

উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং সকাল ৮টার দিকে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টা শেষে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।  অগ্নিকাণ্ডের কারণ ও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ

পাঠকপ্রিয়