আজ বায়ুদূষণে শীর্ষে রাজধানী ঢাকা
রাজধানী ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষণ নেই; বরং দিন দিন তা বাড়ছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে অনেক ব্যবধানে বায়ুদূষণে শীর্ষে আছে ঢাকা। এ সময় ঢাকার বায়ুমান বা স্কোর ২৭১। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। তবে নগরীর কিছু এলাকার বায়ুর মান এর প্রায় দ্বিগুণ। কোথাও তা ৪০০ ছাড়িয়ে গেছে। নয়টি স্থানে বায়ুমান খুব খারাপ।
বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে পাকিস্তানের করাচি ও ভারতের দিল্লি। এ দুই নগরীর স্কোর যথাক্রমে ২১৮ ও ২০৩। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে । বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। সকালে ঢাকার নয়টি স্থানের বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো—নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৪১৬), ধানমন্ডি (৩২৬), দক্ষিণ পল্লবী (২৮৯), ইস্টার্ন হাউজিং (২৮৮), বেচারাম দেউড়ী (২৮০), কল্যাণপুর (২৭৮), বে’জ এজওয়াটার (২৬৭), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ( ২৪৬) ও গোড়ান (২৩৭। আইকিউএয়ারের পরামর্শ, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।



















