অকালেই চলে গেলেন বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। সোমবার কর্মস্থলে তিনি অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায়। শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানবাড়ি।
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। বুধবার সকাল ৭টায় মারা যান। মাইগ্রেনের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফেরদৌস আরা। তার পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, তাকে শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে।



















