আড়াইহাজারে তুলা কারখানায় আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৩ জানুয়ারী ২০২৬  
আড়াইহাজারে তুলা কারখানায় আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অগ্নিকাণ্ডে তুলা, ঝুটসহ কারখানার বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের। মঙ্গলবার সকালে আড়াইহাজার থানার ফতেপুর ইউপির লালুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলকার সকালে হঠাৎ করে কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তুলা, ঝুট ও যন্ত্রাংশে। আগুনে তুলা তৈরির তিনটি মেশিন, একটি মোটরসহ পুরো কারখানার একটি বড় অংশ পুড়ে যায়। খবর পেয়ে আড়াইহাজার উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় আড়াইহাজার থানা পুলিশের সদস্য ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহায়তা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যেহেতু কারখানার মেশিন পুড়ে গেছে কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

আড়াইহাজার ফায়ার স্টেশনের ইনচার্জ রবিউল বলেন, আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঝুটের গোডাউনের পাশেই তুলা তৈরির কারখানা হওয়ায় আগুন কারখানায় ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতি হয়। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলেও জানানো হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়