বনশ্রীতে স্কুলছাত্রী হত্যায় সন্দেহভাজন মিলন গ্রেফতার
রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে স্কুলপড়ুয়া কিশোরীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মচারী মিলনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার ভোরে বাগেরহাট সদর থানার বড় সিংগা এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। ১৭ বছরের এ কিশোরী রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার সময় তার বাবা-মা ও ভাই গ্রামের বাড়ি হবিগঞ্জে ছিলেন। বড় বোন শোভা আক্তার দুপুরে ব্যায়াম করতে করতে জিমে গিয়েছিলেন। বড় বোন শোভা ফিরে এসে বোনের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন।
শনিবার রাতেই খিলগাঁও থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা মো. সজিব। অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তির জড়িত থাকার কথা বলা হলেও মামলায় সন্দেহভাজন কারো নাম নেই। নিহতের পরিবারের সন্দেহ, তাদের হোটেলের কর্মচারী মিলন এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। কারণ সিসিটিভি ভিডিওতে লাশ উদ্ধারের আগে তাকে বাসায় ঢুকতে দেখা গেছে।



















