বাংলার বসন্ত, বিশ্বজুড়ে উৎসব

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৫ ফেব্রুয়ারী ২০২৬  
বাংলার বসন্ত, বিশ্বজুড়ে উৎসব

প্রকৃতির এক মহাপ্রদর্শনী। বিশ্বজুড়ে বসন্ত উৎসবের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিটি সংস্কৃতির নিজস্ব রীতি থাকলেও উৎসবের মূল সুর সর্বত্র অভিন্ন। বসন্তের সৌন্দর্য ও আনন্দের অনুভূতি অনিন্দ্য নাহার হাবীবের লেখায় ফুটে উঠেছে।

পৃথিবী যখন সূর্যের দিকে এমন কোণে পৌঁছে যেখানে উত্তর গোলার্ধে দিন দীর্ঘ এবং রাত স্বল্প হয়, তখন তাপমাত্রার এক কোমল ভারসাম্য তৈরি হয়। উদ্ভিদের কোষে নতুন প্রাণ সঞ্চারিত হয়, যা জীববিজ্ঞানের ভাষায় পুনর্জাগরণ হিসেবে পরিচিত। গাছের শিকড় থেকে শাখা পর্যন্ত প্রাণরস প্রবাহিত হতে শুরু করে, এবং কচি পাতা ফুঁটে আসে সবুজ আবরণে। প্রাচীন কৃষিভিত্তিক সমাজে বসন্ত ছিল টিকে থাকার প্রতীক এবং শীতের কাঁপুনি ও খাদ্যসংকট কাটিয়ে মানবজীবনে আশা জাগানোর এক প্রতীক। মানুষের এই কৃতজ্ঞতা থেকেই ঋতু উদযাপনের প্রথা গড়ে উঠেছে। নাচ, গান ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে বসন্তের আনন্দ প্রকাশ এখন বিশ্বজুড়ে উৎসবের রূপ নিয়েছে।


বিশ্বজুড়ে বসন্তের রূপ

বসন্ত উৎসবের ধরন বিশ্বের বিভিন্ন অঞ্চলে আলাদা হলেও, উৎসবের মূল ভাবনা সর্বত্র একই।

দক্ষিণ এশিয়াভারত, নেপাল ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বসন্ত মানেই প্রকৃতির নতুন জীবনের উদ্ভব। শীতের স্থিরতা ভেঙে উদ্দীপনা ফিরে আসে, যেখানে রঙ, গান ও সতেজ প্রকৃতিই উৎসবের কেন্দ্রবিন্দু। হোলি বা বসন্ত উৎসবে মানুষ প্রকৃতির রঙের সঙ্গে নিজের মিল খুঁজে পায়।

পূর্ব এশিয়াচীন, জাপান ও কোরিয়ায় বসন্ত উৎসবকে নতুন বছরের সূচনা এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। চীনের ‘লুনার নিউ ইয়ার’ বা বসন্ত উৎসবের সময় পরিবার পুনর্মিলিত হয় এবং লাল রঙের মাধ্যমে অশুভ শক্তি তাড়ানো হয়। জাপানে ‘সাকুরা’ বা চেরি ব্লসম উৎসবে দেশ গোলাপি ও সাদা ফুলে ঢেকে যায়, যা জীবনের নশ্বরতা ও নতুন আশার প্রতীক।

ইউরোপইউরোপের দেশগুলোতে বসন্ত উৎসব মূলত কৃষিকাজ ও শীতের দীর্ঘ অন্ধকার শেষে আলো ফিরে আসার আনন্দ উদযাপন করে। নর্ডিক ও কেল্টিক ঐতিহ্যে মে মাসের ‘মে ডে’ উৎসব উর্বরতার প্রতীক। আগুনের কুণ্ডলী জ্বালিয়ে শীত বিদায় দেওয়া হয় এবং মাটির উর্বরতা কামনা করা হয়।

মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়াএখানে ‘নওরোজ’ বা নতুন দিনের উৎসব বসন্ত বিষুবে পালিত হয়। এটি প্রাচীন ঐতিহ্যবাহী অনুষ্ঠান, যেখানে মানুষ নতুন বছরের সূচনা উদযাপন করে। ঘরবাড়ি পরিষ্কার, নতুন পোশাক ও বিশেষ ভোজের মাধ্যমে নতুন জীবন উদযাপিত হয়।

আদিবাসী ও প্রাচীন সমাজপ্রাচীন আদিবাসী সম্প্রদায়গুলোর কাছে বসন্ত ছিল প্রকৃতির সঙ্গে মিলনের এক সময়। স্প্রিং ইকুইনক্সকে তারা অলৌকিক ভারসাম্য হিসেবে দেখত। বৃষ্টি প্রার্থনা, ফসলের বীজ বোনা এবং মাটির উর্বরতা বৃদ্ধির জন্য নৃত্য ও পূজা অনুষ্ঠিত হত। এই বিশ্বাসগুলো আজও আধুনিক বসন্ত উৎসবের ভিত্তি হিসেবে টিকে আছে।


বাঙালির বসন্ত

বাংলাদেশে বসন্ত উৎসব বা পহেলা ফাল্গুন কেবল ঋতুবরণ নয়, এটি বাঙালির সাংস্কৃতিক চেতনার একটি রঙিন স্মারক। লোকজ ঐতিহ্যে বসন্ত সবসময় গান, মেলা ও আনন্দের ঋতু। ঢাকার অলিগলি থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলও বসন্তের রঙে রঙিন হয়ে ওঠে। পহেলা ফাল্গুনে হলুদ, লাল ও কমলার মিশ্রণে সাজানো পোশাক বসন্তের আগুনের প্রতীক। দেওয়ালে আলপনা, চুলে ফুলের সাজ—সব মিলিয়ে উৎসবকে দান করে এক অনন্য নান্দনিকতা। গ্রামের মাটির গন্ধ শহরে ছড়িয়ে পড়ে, যা বসন্তকে আরও প্রাণবন্ত করে তোলে।


আধুনিক পহেলা ফাল্গুন

বাংলাদেশে ক্যালেন্ডার সংস্কারের ফলে পহেলা ফাল্গুন এখন স্থায়ীভাবে ১৪ ফেব্রুয়ারি পালিত হয়। পুরনো অসামঞ্জস্য দূর করে আন্তর্জাতিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় সাধন করা হয়েছে। তারিখ পরিবর্তনের ফলে উৎসবের আবেগ ও আনন্দ কমেনি, বরং এটি আরও সুশৃঙ্খল ও সুসংগঠিতভাবে উদযাপিত হয়।

বর্তমান সময়ে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস একসাথে পড়ার কারণে তরুণ প্রজন্মের কাছে এর আবেদন আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বসন্ত উদযাপন কেবল শারীরিক উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি জীবনধারার অংশ হয়ে উঠেছে। ফ্যাশন হাউজ ও রেস্তোরাঁও এই দিনে বিশেষ আয়োজন করে।


বৈশ্বিক ও দেশীয় মিল

বিশ্বজুড়ে বসন্ত উৎসব নতুন শুরু, প্রকৃতির পুনর্জাগরণের আনন্দ উদযাপন করে। বাংলাদেশের বসন্তের অনন্যতা হলো এটি সম্পূর্ণ সাংস্কৃতিক ও ধর্মনিরপেক্ষ উৎসব। হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান—সকলেই বাঙালি পরিচয় নিয়ে এতে অংশ নেয়। এটি আমাদের জাতীয় ঐক্য ও সংস্কৃতির উদযাপন।


প্রকৃতি ও সংস্কৃতির মিলন

বসন্ত কোনো ভৌগোলিক সীমানার মধ্যে আবদ্ধ নয়। এটি যেমন প্রকৃতির একটি সত্য, তেমনি মানুষের সৃজনশীলতার প্রতিফলন। বাংলাদেশে বসন্ত মানে শুধু ফুল ফোটা নয়, বরং এটি আমাদের ঐতিহ্য ও আধুনিক জীবনের সেতুবন্ধন। বসন্ত উদযাপন যেমন বৈজ্ঞানিকভাবে অপরিহার্য, তেমনি মানসিকভাবেও মানুষের জন্য জরুরি। এটি নতুন জীবনের আহ্বান, যা প্রতিটি প্রজন্মের হৃদয়ে নতুন দোলা জাগিয়ে দেয়।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়